ভেতরের খবর নিউজ ডেস্ক: নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এনসিপি প্রার্থী আবদুল হান্নান মাসউদের পথসভায় যোগ দিতে যাওয়ার পথে ঢিল নিক্ষেপের ঘটনায় দুজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের তালতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন স্থানীয় বাসিন্দা মো. দিদার উদ্দিন ও মো. তসলিম হোসেন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাব্বির আহমেদ বলেন, এর আগের দিন শুক্রবার তালতলা বাজারে এনসিপির ‘শাপলা কলি’ প্রতীকের একটি নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। তিনি অভিযোগ করেন, বিএনপির লোকজনই ওই ভাঙচুর ও হামলার সঙ্গে জড়িত। শনিবার সন্ধ্যায় আবদুল হান্নান মাসউদ ওই এলাকায় গেলে তাঁর নেতা-কর্মীদের ওপর অতর্কিতে হামলা চালানো হয় বলেও দাবি করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক। তিনি বলেন, বিএনপির কেউ শাপলা কলির কার্যালয়ে হামলা করেনি এবং পথসভায় হামলার অভিযোগও ভিত্তিহীন। তাঁর দাবি, এনসিপি পরিকল্পিতভাবে বিভিন্ন ঘটনা সাজিয়ে ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, এনসিপির পথসভায় যাওয়ার পথে অন্ধকার থেকে কে বা কারা ঢিল ছুড়েছে, এতে দুজন আহত হয়েছেন। তবে আহতরা এনসিপির কর্মী নন, তারা কৌতূহলী হয়ে পথসভায় যাচ্ছিলেন। খবর পেয়ে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
@ইয়াসমিন রিমা