ভেতরের খবর নিউজ ডেস্ক: বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাত্তরের স্বাধীনতা বাংলাদেশের মানুষের মূল অস্তিত্বের ভিত্তি। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে পেছনে ফেলতে চাইলেও তা কখনও সফল হবে না বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডে বিএনপি আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “একাত্তর আমাদের নতুন দেশ দিয়েছে, একটি স্বাধীন ভূখণ্ড দিয়েছে। আমাদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছে, আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ার পথ খুলে দিয়েছে। তাই একাত্তরকে অস্বীকার করা মানে নিজেদের অস্তিত্ব অস্বীকার করা।”
তিনি আরও বলেন, “দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী একাত্তরের ইতিহাস ও চেতনাকে পেছনে ফেলতে চায়। কিন্তু একাত্তরই আমাদের মূল ভিত্তি। এটাকে ধারণ করেই সামনে এগোতে হবে।”
বক্তব্যে ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগও তোলেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ধর্মের অপব্যবহার করে মিথ্যাচার ছড়ানো হচ্ছে, যা দেশের জন্য ক্ষতিকর।
সভায় জেলা বিএনপির নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
@ইয়াসমিন রিমা