জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাক আটক বঙ্গভবনের কর্মী

ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর রাজারবাগ এলাকা থেকে তাঁকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় ছরওয়ারে আলম নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ডিবির একটি সূত্র জানায়, রাত সাড়ে ১২টার দিকে রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামের পূর্ব পাশের সরকারি কোয়ার্টার থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর ব্যবহৃত মুঠোফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
ঘটনার সূত্রপাত গত শনিবার বিকেলে। সেদিন জামায়াতের আমিরের ভেরিফায়েড এক্স হ্যান্ডল থেকে ইংরেজিতে একটি বিতর্কিত পোস্ট দেওয়া হয়। পোস্টের একাংশে কর্মজীবী নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য আছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। বিএনপিপন্থী অ্যাকটিভিস্টসহ অনেক ব্যবহারকারী দাবি করেন, এতে নারীদের মর্যাদাহানি করা হয়েছে।
তবে একই দিন রাত ১২টা ৪০ মিনিটে জামায়াতের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে দলটি দাবি করে, সাইবার হামলার মাধ্যমে তাদের আমিরের নামে মিথ্যা বক্তব্য ছড়ানো হয়েছে। শুধু আমির নন, দলের আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টেও হামলার চেষ্টা হয়েছে বলে জানানো হয়।
পরদিন রোববার সকালে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে জামায়াত। সেখানে দলের আইটি সেলের সদস্য প্রকৌশলী সিরাজুল ইসলাম ও প্রকৌশলী মাহমুদুর রহমান একটি উপস্থাপনার মাধ্যমে হ্যাকিংয়ের ঘটনা ব্যাখ্যা করেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সরকারি একটি ই-মেইল ঠিকানা ব্যবহার করে একটি ফাইল পাঠানোর মাধ্যমে এই সাইবার হামলা চালানো হয়। ‘assistantprogrammar@bangabhaban.gov.bd’ ঠিকানা থেকে নির্বাচনসংক্রান্ত তথ্য আছে উল্লেখ করে একটি ফাইল পাঠানো হয়েছিল বলে দাবি করেন তারা। ওই ই-মেইল ব্যবহারকারীর নাম ছরওয়ারে আলম, যিনি রাষ্ট্রপতির কার্যালয়ে কর্মরত বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলমান রয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *