ভেতরের খবর নিউজ ডেস্ক: গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ উপলক্ষে সারা দেশে যানবাহন চলাচলে বিশেষ নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল বুধবার রাত ১২টা থেকে ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। ভোটের দিন বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
ইসির তথ্য অনুযায়ী, মোটরসাইকেল চলাচল আজ মঙ্গলবার রাত ১২টা থেকে ভোটের পরদিন শুক্রবার রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। তবে ইসির স্টিকারযুক্ত মোটরসাইকেল এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন এবং অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল থাকবে। পাশাপাশি ওষুধ, স্বাস্থ্যসেবা ও চিকিৎসাসামগ্রী পরিবহনকারী যানবাহন এবং সংবাদপত্র বহনকারী গাড়ি চলাচল করতে পারবে। বিমানবন্দরে যাতায়াতের ক্ষেত্রেও টিকিট বা প্রমাণপত্র দেখাতে পারলে যানবাহন চলাচলের অনুমতি থাকবে।
দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন এবং স্থানীয়ভাবে দূরপাল্লার যাত্রী হিসেবে যাতায়াতের ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য একটি এবং প্রার্থী ও নির্বাচনী এজেন্টের জন্য একটি করে ছোট যানবাহন রিটার্নিং কর্মকর্তার অনুমোদন ও স্টিকার প্রদর্শনের শর্তে চলাচল করতে পারবে।
সাংবাদিক, পর্যবেক্ষক ও জরুরি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের যানবাহন ও মোটরসাইকেল নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে চলবে। নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা–কর্মচারীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। টেলিযোগাযোগ সেবা জরুরি হিসেবে বিবেচিত হওয়ায় বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের যানবাহনও নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
জাতীয় মহাসড়ক, বন্দর এলাকা এবং আন্তজেলা বা মহানগরে প্রবেশ ও বের হওয়ার গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও শিথিলতা থাকবে। নির্বাচন বিশেষজ্ঞ মো. আবদুল আলীম জানিয়েছেন, ভোটাররা ভোট দিতে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে কেন্দ্রে যেতে পারবেন।
এদিকে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (এমটিসিএল) জানিয়েছে, ভোটের দিন মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে। যাত্রীচাহিদা বিবেচনায় ট্রেনের সংখ্যাও বাড়ানো হবে।
@ইয়াসমিন রিমা