নন্দীগ্রামে সংঘর্ষে আহত বিএনপি নেতা, ছেলের আঘাতের খবরে মায়ের মৃত্যু

ভেতরের খবর নিউজ ডেস্ক: বগুড়ার নন্দীগ্রামে ভোটে টাকা বিতরণের অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে থালতা-মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা ওরফে মজিদের একটি চোখ গুরুতরভাবে জখম হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় চাঞ্চল্যের মধ্যেই আহত মজিদের মা মাজেদা বেগম ছেলের চোখ নষ্ট হওয়ার খবর শুনে অসুস্থ হয়ে মঙ্গলবার সকালে মারা গেছেন বলে পরিবারের দাবি।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ৪ নম্বর থালতা-মাঝগ্রাম ইউনিয়নের পারশুন গ্রামে হামলা, ভাঙচুর ও সংঘর্ষের এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট কেনার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় নেতা বেলাল হোসেন ও জামায়াতকর্মী ফারুক হোসেনকে আটক করেন ধানের শীষের সমর্থকেরা। তাদের কাছ থেকে টাকা উদ্ধারের অভিযোগও করা হয়। পরে আটক দুজনকে মাসুদ রানার বাড়িতে রেখে পুলিশে খবর দেওয়া হয়।
এ খবর ছড়িয়ে পড়লে রাত ১২টার দিকে অর্ধশতাধিক মোটরসাইকেলে লাঠিসোটা হাতে একদল লোক মাসুদ রানার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। আশপাশের আরও কয়েকটি বাড়িতেও হামলার অভিযোগ ওঠে। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় এবং আটকে রাখা বেলাল ও ফারুককে তাদের সমর্থকেরা নিয়ে যায়। গুরুতর আহত মাসুদ রানাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মাসুদ রানার ছেলে সিয়াম আকন্দ অভিযোগ করেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরাই তাদের বাড়িতে হামলা চালিয়ে তার বাবার চোখে আঘাত করেন। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম ও বিএনপি প্রার্থী মোশারফ হোসেন উপস্থিত ছিলেন। তারা হামলার জন্য জামায়াতকে দায়ী করেন।
অন্যদিকে বিকালে পৃথক সংবাদ সম্মেলনে জামায়াত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের কোনো কর্মী হামলায় জড়িত নয়। বরং তাদের কর্মীরাই বিএনপির হামলায় আহত হয়েছেন এবং বেলাল ও ফারুককে মারধর করে আটক রাখা হয়েছিল বলে দাবি করেন তিনি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    চেয়ারম্যান হলে বিনামূল্যে গাঁজা-ইয়াবা দেওয়া হবে

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে “চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা দেওয়া হবে” এমন ব্যঙ্গাত্মক বক্তব্যসংবলিত পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলোতে সিরাজপুর ইউনিয়নের…

    আমীর হামজার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ, কুষ্টিয়ায় মহিলা দলের ঝাড়ু মিছিল

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কুষ্টিয়া শহরে ঝাড়ু মিছিল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *