ভেতরের খবর নিউজ ডেস্ক: শেরপুরে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্বে থাকা এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে শেরপুর সদর উপজেলার শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোকনুজ্জামান রুকন (৩১) জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা। তিনি শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের এনভায়রনমেন্ট টেকনোলজি বিভাগের জুনিয়র ইনস্ট্রাক্টর ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অপর নিহত মাহফুজা বেগম (২০) জামালপুরের মেলান্দহ উপজেলার মাটিয়াপাড়া গ্রামের বাসিন্দা ও মো. নিরব মিয়ার স্ত্রী।
আহতরা হলেন শ্রীবরদী উপজেলার দয়ারচর গ্রামের শাহীন মিয়া (৩০), শহরের চকপাঠক এলাকার রায়হান মিয়া (৩০), মাহফুজা বেগমের তিন মাস বয়সী ছেলে আব্দুর রহমান, শেরপুর সদরের গাজীর খামার এলাকার মোহাম্মদ আলী (২৮) এবং জামালপুরের খইর এলাকার সুরাইয়া বেগম (২২)।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জামালপুর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় রোকনুজ্জামান ও মাহফুজাসহ পাঁচ যাত্রী শেরপুরে আসছিলেন। সকাল সাড়ে ১১টার দিকে অটোরিকশাটি শেরপুর সদর উপজেলার চরপক্ষিমারি ইউনিয়নের শিমুলতলী মুসলিহে উম্মাহ মহিলা মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোকনুজ্জামানকে মৃত ঘোষণা করেন। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মাহফুজা বেগমের মৃত্যু হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, দুর্ঘটনায় একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা সহ দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
@ইয়াসমিন রিমা