ভেতরের খবর নিউজ ডেস্ক: বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মুন্সিগঞ্জ-৩ আসনে সদর উপজেলার মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের অদূরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. তিতুমীর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। হঠাৎ করে কেন্দ্রের পাশের মাঠে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কেন্দ্রের ভেতরে ভোটগ্রহণে কোনো বিঘ্ন ঘটেনি।
প্রত্যক্ষদর্শী মো. কাউসার আহমেদ দাবি করেন, পারভেজ মাঝি, রহমত মাঝি, আসাদ মাঝি ও নাঈম মল্লিক এ বিস্ফোরণ ঘটিয়েছেন এবং তারা ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান রতনের সমর্থক।
নির্বাচনী দায়িত্বে থাকা সেনাবাহিনীর ক্যাপ্টেন জুবায়ের জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে।
@ইয়াসমিন রিমা