ভেতরের খবর নিউজ ডেক্স : নির্বাচন–পরবর্তী সৌজন্য ও রাজনৈতিক ঐক্যের বার্তা দিতে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপি চেয়ারম্যানের প্রেস উইংয়ের দুজন কর্মকর্তা আজ শনিবার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। তাঁরা জানান, আগামীকাল রোববার সন্ধ্যা ৭টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান-এর বাসায় যাবেন তারেক রহমান। এরপর রাত ৮টায় তিনি বেইলি রোডে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম-এর বাসায় সৌজন্য সাক্ষাতে যাবেন।
সূত্র জানায়, নির্বাচন–পরবর্তী সময়ে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার অংশ হিসেবেই এই সাক্ষাৎগুলো অনুষ্ঠিত হচ্ছে। এর আগে আজ এক সংবাদ সম্মেলনে তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আগামী দেশ পরিচালনায় সহযোগিতা কামনা করেন।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল জামায়াতে ইসলামি নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের সঙ্গে, যে মোর্চায় জাতীয় নাগরিক পার্টিও রয়েছে। নির্বাচনে দুই–তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। দলটি ২০৯টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামি ও মিত্রদলগুলো ৭৭টি আসনে জয়ী হয়ে বিরোধী দলে বসতে যাচ্ছে।
@ইয়াসমিন রিমা