ঈশ্বরদীতে চাঁদা না পেয়ে কৃষকের গাজর লুট, যুবদলের দুই কর্মী কারাগারে

ভেতরের খবর নিউজ ডেস্ক: ঈশ্বরদীতে এক কৃষকের কাছ থেকে দাবিকৃত এক লাখ টাকা চাঁদা না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে তার লিজ নেওয়া সাড়ে তিন বিঘা জমি থেকে প্রায় পাঁচ লাখ টাকার গাজর লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবদলের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আদালতের মাধ্যমে তাদের পাবনা কারাগারে পাঠানো হয়। এর আগে রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ঈশ্বরদী ইপিজেড গেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন পাকশী ইউনিয়নের বাঘইল ঠাকুরপাড়া গ্রামের মো. কালামের ছেলে মো. আশিস (৩০) এবং একই এলাকার মো. পলানের ছেলে মো. পলাশ (২৯)। পাকশী ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এক নেতার অনুসারী ও যুবদল–এর কর্মী।
ভুক্তভোগী কৃষক মো. শরিফুল ইসলাম (৪১) জানান, বছরভিত্তিক চুক্তিতে লিজ নেওয়া জমিতে গাজর চাষের জন্য তিনি ধারদেনা করে বিনিয়োগ করেছিলেন। পরে আসামিরা তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে এবং না দিলে প্রাণনাশের হুমকি দেয়। ভয়ে তিনি প্রথমে ২৫ হাজার টাকা দিলেও বাকি টাকা না দেওয়ায় গত ৩ ফেব্রুয়ারি ও ১৭ ফেব্রুয়ারি রাতে দুই দফায় প্রায় ৬৫০ মণ গাজর লুট করা হয়, যার বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার দুজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *