ভেতরের খবর নিউজ ডেস্ক: ২০১৭ সালের একটি হামলার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল জেলা সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুস।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালত-এ আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক এস. এম. শরিয়াতুল্লাহ তার জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৫ মে বরিশাল নগরীর অনামী লেনে বিএনপি কর্মী মো. সরোয়ার হোসেনের ওপর হামলার অভিযোগে ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে কোতোয়ালি মডেল থানা-য় একটি মামলা দায়ের করা হয়। মামলায় মোট ২১০ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন তৎকালীন বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সভাপতি কেএম জাহাঙ্গীর এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস।
মামলার ৩ নম্বর আসামি হিসেবে তালুকদার মো. ইউনুস আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। তার পক্ষে আইনজীবী কাইয়ুম খান কায়সার জানান, স্বেচ্ছায় আত্মসমর্পণের পর পুলিশ প্রতিবেদন দাখিলের আগ পর্যন্ত তার মক্কেলের জামিন মঞ্জুর করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত জামিনের আদেশ দিয়েছেন।
এদিকে জামিনের সিদ্ধান্তকে কেন্দ্র করে আদালতপাড়ায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। তবে জামিন পাওয়ার পর তালুকদার মো. ইউনুস কোনো মন্তব্য না করে দ্রুত আদালত এলাকা ত্যাগ করেন।
@ইয়াসমিন রিমা