এম ২৩ মুখপাত্র নিহত, ড্রোন হামলার দাবি কঙ্গো সেনাবাহিনীর বিরুদ্ধে ডাকার

ভেতরের খবর নিউজ ডেস্ক: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) পূর্বাঞ্চলে সেনাবাহিনীর ড্রোন হামলায় এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর সামরিক মুখপাত্র উইলি এনগোমা নিহত হয়েছেন বলে জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠীর দুই জ্যেষ্ঠ কর্মকর্তা, এক আঞ্চলিক কূটনীতিক এবং সরকারের এক পশ্চিমা উপদেষ্টা।

হামলাটি নর্থ কিভুর রুবায়া এলাকায় ভোর ৩টার দিকে ঘটে। কয়েকদিন ধরেই ওই এলাকায় কঙ্গোর সেনাবাহিনী ধারাবাহিক ড্রোন হামলা চালাচ্ছিল বলে একজন জ্যেষ্ঠ এম২৩ কর্মকর্তা রয়টার্সকে জানান।

রুবায়া একটি গুরুত্বপূর্ণ কোলটান খনি কেন্দ্র, যা বিশ্ব সরবরাহের প্রায় ১৫ শতাংশ উৎপাদন করে। ফলে এটি এম২৩-এর জন্য গুরুত্বপূর্ণ আর্থিক ঘাঁটি হিসেবে বিবেচিত।

সম্প্রতি কঙ্গো সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সহযোগিতা কাঠামোর আওতায় কৌশলগত খনি সম্পদের সংক্ষিপ্ত তালিকায় রুবায়াকে অন্তর্ভুক্ত করেছে।

এনগোমার মৃত্যুর ঘটনা এমন সময় ঘটল, যখন কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতির চেষ্টা চলমান। কঙ্গোর রাজধানী কিনশাসা ও এম২৩ দোহায় একটি যৌথ যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ও যাচাই ব্যবস্থায় সম্মত হয়েছে। এতে কাতার, যুক্তরাষ্ট্র ও আফ্রিকান ইউনিয়ন পর্যবেক্ষক হিসেবে যুক্ত রয়েছে।

তবে স্থানীয় নাগরিক সমাজের সূত্র জানিয়েছে, রুবায়ার আশপাশে রবিবার থেকে তীব্র লড়াই চলছে, যার ফলে শত শত পরিবার এলাকা ছেড়ে পালিয়েছে।
এনগোমা ২০২২ সালের ডিসেম্বর থেকে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় ছিলেন।

কঙ্গোর প্রেসিডেন্সির একজন মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন এবং সেনাবাহিনীর মুখপাত্র তাৎক্ষণিক সাড়া দেননি।

জাতিসংঘের তথ্যমতে, রুয়ান্ডা-সমর্থিত বলে অভিযোগ থাকা এম২৩ গত বছর দ্রুত অভিযানে নর্থ ও সাউথ কিভুর বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়। তারা কৌশলগত গুরুত্বপূর্ণ শহর গোমা ও বুকাভু দখল করেছিল।

ডিসেম্বরে বিদ্রোহীরা উভিরা শহরও অল্প সময়ের জন্য দখল করে। তবে গত মাসে কঙ্গো সেনাবাহিনী শহরটি পুনর্দখল করে এবং সোমবার সেখানে বুরুন্ডি সীমান্ত পুনরায় খুলে দেয়।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশন চলতি সপ্তাহে উভিরায় একটি যৌথ মূল্যায়ন দল পাঠিয়েছে, যাতে দোহায় সম্মত যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ব্যবস্থা বাস্তবায়নে সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করা যায়।

  • Related Posts

    জাইকার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক,

    ভেতরের খবর নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো। সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে…

    নেপালে বন্যার ক্ষতি, পুনর্গঠনে লাগতে পারে ৫ বিলিয়ন ডলার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক জলপ্রবাহে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এবার সামনে এসেছে পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ। দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু, অবকাঠামো ও…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *