ভেতরের খবর নিউজ ডেস্ক: ইসলামাবাদের পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমান্ত উত্তেজনা আরও গভীর হয়েছে। শুক্রবার ভোররাতে আফগানিস্তানে অভিযান শুরুর পর শনিবার সকাল পর্যন্ত ৩৩১ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। একই সঙ্গে দেশটি জানিয়েছে, আফগানিস্তান-এর ৩৭টি স্থানে বিমান হামলা চালানো হয়েছে এবং ১০৪টি চেকপোস্ট ধ্বংস করা হয়েছে।
দুই দেশের মধ্যে চলমান এই উত্তেজনা থামাতে জাতিসংঘসহ বিভিন্ন দেশ আন্তর্জাতিক আইন মেনে চলা ও আলোচনার আহ্বান জানালেও পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি। বরং উভয় দেশই নিজ নিজ অবস্থানে অনড় রয়েছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ শুক্রবার মন্তব্য করেন, আফগানিস্তানের সঙ্গে পাকিস্তান কার্যত ‘সরাসরি যুদ্ধের’ পরিস্থিতিতে রয়েছে। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ-এর মুখপাত্র মুশাররফ জাইদি বলেন, পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করতে হবে না; যতদিন না আফগান তালেবান ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মধ্যে যোগসূত্র বিচ্ছিন্ন হয়, ততদিন সীমান্তপারের অভিযান চলবে।
এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, অভিযানে আফগান তালেবানের ওপর বড় ধরনের ক্ষয়ক্ষতি করা সম্ভব হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারির সকাল পর্যন্ত ৩৩১ জন যোদ্ধা নিহত, ৫০০ জনের বেশি আহত হয়েছে। পাশাপাশি ১০৪টি চেকপোস্ট ধ্বংস, ২২টি চেকপোস্ট দখল, ১৬৩টি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস এবং আফগানিস্তানের ৩৭টি স্থানে কার্যকর বিমান হামলা চালানো হয়েছে।
পাকিস্তান জানিয়েছে, এই অভিযান এখনো চলমান রয়েছে।
@ইয়াসমিন রিমা


