ভেতরের খবর নিউজ ডেস্ক: রিয়াদ-এ অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে দূতাবাস প্রাঙ্গণে দুটি ড্রোন আঘাত হানে বলে জানিয়েছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের দাবি, হামলায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি খুবই সীমিত হয়েছে এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এক মুখপাত্র জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী ড্রোনের আঘাতে সামান্য আগুন লাগে এবং ভবনের কিছু অংশে ক্ষতি হয়।
এর আগে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স জানায়, শক্তিশালী বিস্ফোরণের পর দূতাবাস ভবনে আগুন দেখা যায়। একই সময়ে এএফপি-কে প্রত্যক্ষদর্শীরা জানান, তারা পরপর দুটি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন।
রিয়াদের কূটনৈতিক কোয়ার্টার যেখানে বিভিন্ন দেশের দূতাবাস ও কূটনীতিকদের আবাসন রয়েছে সেখানেও বিস্ফোরণের পর ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, “আমি পরপর দুটি বিস্ফোরণের শব্দ শুনেছি। এরপর আকাশে ধোঁয়া উঠতে দেখি।”
ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলার উৎস ও দায়ীদের শনাক্তে তদন্ত শুরু করেছে সৌদি কর্তৃপক্ষ।
সূত্র: আল-জাজিরা
@ইয়াসমিন রিমা