ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আকস্মিক মিছিলের প্রতিবাদে শাহবাগ থানায় অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় ছাত্রশক্তি। রোববার (২২ মার্চ) রাতে থানায় পুলিশের সঙ্গে আলোচনা শেষে সংগঠনটির নেতারা সাংবাদিকদের এ কথা জানান।
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেন, ঈদের ছুটির মধ্যেই রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগ ব্যানারে মিছিল হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা বাহিনী দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। তিনি অভিযুক্তদের গ্রেফতারে পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন।
তিনি অভিযোগ করেন, ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট অনেক নেতা আইনি প্রক্রিয়ার ফাঁকফোকরে জামিন পাচ্ছে, যা ‘সিস্টেমের বড় সমস্যা’। ঢাবি প্রশাসনের বরাত দিয়ে তিনি জানান, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, বরং বহিরাগত। এ অবস্থায় তাদের ক্যাম্পাসে প্রবেশের সুযোগ নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে জাহিদ আহসান বলেন, ছাত্রলীগের বিষয়ে এখনো কোনো কঠোর বার্তা দেওয়া হয়নি। প্রয়োজনে আবারও রাজপথে নামার হুঁশিয়ারিও দেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা বলেন, জুলাইয়ের আন্দোলনের শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না এবং যেকোনো ‘ফ্যাসিবাদী তৎপরতা’ রাজপথে প্রতিহত করা হবে। শাহবাগ থানার ওসি আশ্বাস দিয়েছেন, জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।
@ইয়াসমিন রিমা


