ভেতরের খবর নিউজ ডেস্ক: লিবিয়া থেকে সাগরপথে গ্রিসে যাওয়ার সময় পথ হারিয়ে নৌকায় ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১২ জনই সুনামগঞ্জ জেলার বাসিন্দা বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানান, নিহতদের মধ্যে দিরাই উপজেলার ৬ জন, জগন্নাথপুর উপজেলার ৫ জন এবং দোয়ারাবাজার উপজেলার ১ জন রয়েছেন। জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, এ ঘটনায় জড়িত দালালদের বিরুদ্ধে মামলা করা হবে।
উদ্ধার হওয়া এক বাংলাদেশি যুবকের বরাত দিয়ে জানা যায়, নৌকাটি ছয় দিন ধরে সাগরে পথ হারিয়ে ছিল। এ সময় তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়, যার ফলে একে একে অনেকেই মারা যান। মৃতদের লাশ দুই দিন নৌকায় রাখার পর সাগরে ফেলে দেওয়া হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের বর্তমানে গ্রিসের একটি শরণার্থী ক্যাম্পে রাখা হয়েছে, যেখানে আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে এ পর্যন্ত ১২ জনের পরিচয় নিশ্চিত হয়েছে। তাঁরা সবাই সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার বাসিন্দা। নিহতদের পরিবারে শোকের মাতম চলছে। স্বজনরা এই ঘটনার জন্য দালালদের দায়ী করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
নিহতদের স্বজনদের অভিযোগ, প্রত্যেকেই প্রায় ১২ লাখ টাকার বিনিময়ে দালালের মাধ্যমে গ্রিসে যাওয়ার চুক্তি করেছিলেন। স্থানীয় একাধিক জনপ্রতিনিধিও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে প্রশাসন জানিয়েছে, মানবপাচার চক্রের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
@ইয়াসমিন রিমা


