ভেতরের খবর নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলার ট্রাফিক পয়েন্ট এলাকার হক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ থেকে ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি জুতার দোকানে শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি ঘটে। দাহ্য পণ্যে ভরা দোকান হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের আরও ৮ থেকে ১০টি দোকানে।
আগুন লাগার পর দোকানিরা দ্রুত বাইরে বেরিয়ে আসতে পারলেও অধিকাংশ মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে পুরো মার্কেট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট, পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ জানান, প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জালাল আহমেদ জানান, আগুনের তীব্রতা বেশি হওয়ায় শান্তিগঞ্জ ইউনিটের সহায়তা নিতে হয়েছে। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
@ইয়াসমিন রিমা


