ভেতরের খবর নিউজ ডেস্ক: সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে সরকার ও সড়ক ব্যবস্থাপনা নিয়ে তীব্র সমালোচনা করেছেন জামায়াতের এমপি সাইফুল আলম মিলন।
তিনি বলেন, রোববার সড়ক পরিবহন মন্ত্রী ঈদযাত্রাকে স্বস্তিদায়ক বলে মন্তব্য করলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। বিআরটিএ’র প্রতিবেদনে ঈদযাত্রায় ১৭০ জনের মৃত্যুর কথা বলা হয়েছে, অন্যদিকে যাত্রীকল্যাণ সমিতির তথ্যমতে নিহতের সংখ্যা ৩৭০ জন। এ পরিস্থিতিতে ঈদযাত্রাকে কীভাবে স্বস্তিদায়ক বলা যায় সে প্রশ্ন তোলেন তিনি।
দৌলতদিয়া ফেরিঘাটে সাম্প্রতিক বাস দুর্ঘটনার প্রসঙ্গ টেনে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি বাস পানিতে ডুবে বহু মানুষের প্রাণহানি ঘটেছে, কিন্তু সড়ক পরিবহন মন্ত্রী ঘটনাস্থলে যাননি। নিহতদের পরিবারকে মাত্র ২৫ হাজার টাকা এবং আহতদের ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়াকে তিনি “অপ্রতুল” বলে উল্লেখ করেন। মানুষের জীবনের মূল্য এত কম হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
এমপি মিলন আরও বলেন, বাংলাদেশ ওয়েস্টমিনিস্টার সংসদীয় পদ্ধতি অনুসরণ করে। যুক্তরাজ্যে এমন ঘটনা ঘটলে সংশ্লিষ্ট মন্ত্রী অনেক আগেই পদত্যাগ করতেন। তাই সড়ক পরিবহন মন্ত্রী পদত্যাগ করবেন কি না তা জানার দাবি জানান তিনি।
তার এই বক্তব্যের মাধ্যমে সংসদে ঈদযাত্রার নিরাপত্তা ও সড়ক দুর্ঘটনা নিয়ে নতুন করে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
@ইয়াসমিন রিমা


