ভেতরের খবর নিউজ ডেস্ক: তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই বড় চমক দেখিয়েছে দক্ষিণী ফিল্ম তারকা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল টিভিকে (তামিলাগা ভেট্টেরি কাঝাগাম)।
২৩৪ আসনের বিধানসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ২৩ এপ্রিল, আর আজ সোমবার সকাল থেকে শুরু হয় গণনা। সন্ধ্যা পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা গেছে, টিভিকে এগিয়ে আছে ১০৮টি আসনে, যা তাদের অভিষেক নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে ধরা হচ্ছে।
অন্যদিকে বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের -এর নেতৃত্বাধীন ডিএমকে এগিয়ে আছে ৭২টি আসনে। গণনায় তিনি নিজ কেন্দ্রেও পিছিয়ে পড়েছেন বলে জানা গেছে।
টিভিকের এই অগ্রগতির মধ্যে ভাইরাল হয়েছে থালাপতি বিজয়ের পুরোনো একটি বক্তব্যের ক্লিপ, যেখানে তিনি ‘সিংহ একা থাকলেও জঙ্গলের রাজা’ এই মন্তব্য করে রাজনৈতিক আত্মবিশ্বাস প্রকাশ করেছিলেন।
২০২৪ সালে অভিনয় থেকে রাজনীতিতে প্রবেশ করে দল গঠন করেন থালাপাতি বিজয়। ২০২৬ সালের এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, বড় দলের সঙ্গে জোট নয়, একাই নির্বাচনে জয়ী হওয়ার লক্ষ্য নিয়েই এগোবেন তিনি।
@ইয়াসমিন রিমা


