ভেতরের খবর নিউজ ডেস্ক: চীনের রাজধানী বেইজিংয়ের উপকণ্ঠে ভয়াবহ বন্যায় ডুবে মারা গেছেন এক বৃদ্ধাশ্রমের অন্তত ৩১ জন বাসিন্দা। মিউন জেলার ওই আশ্রমে প্রায় ৭৭ জন প্রবীণ থাকতেন, যাদের অধিকাংশই চলাফেরায় অক্ষম ছিলেন। আকস্মিকভাবে পানি ২ মিটার পর্যন্ত উঠলে তারা ভেতরে আটকা পড়ে যান।
ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, উদ্ধারকারীরা বুকসমান পানিতে হেঁটে প্রবীণদের বের করে আনার চেষ্টা করছেন। তবে সময়মতো সরানো না যাওয়ায় প্রাণ গেল ৩১ জনের।
স্থানীয় প্রশাসনের ব্যাখ্যা, আশ্রমটি এমন এলাকায় অবস্থিত যা ‘নিরাপদ’ হিসেবে বিবেচিত ছিল। ফলে দুর্যোগকালীন সরিয়ে নেওয়ার তালিকায় জায়গা পায়নি।
এক কর্মকর্তা সংবাদ সম্মেলনে বলেন, “আমরা বুঝতে পারছি, আমাদের জরুরি প্রস্তুতিতে বড় ফাঁক ছিল। এটা আমাদের জন্য সতর্কবার্তা।”
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আশ্রমটি ছিল শারীরিকভাবে অক্ষম, দরিদ্র ও নামমাত্র সরকারি ভাতা পাওয়া প্রবীণদের জন্য।
এই ঘটনার পর চরম আবহাওয়া এবং দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে চীনের অভ্যন্তরে ব্যাপক প্রশ্ন উঠেছে। স্থানীয়রা বলছেন, এমন একটি দুর্বল শ্রেণির জন্য আশ্রয়স্থল তৈরি করা হলেও, তাদের সুরক্ষার বাস্তব কোনো ব্যবস্থা রাখা হয়নি।
এই মুহূর্তে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে।