ভেতরের খবর নিউজ ডেস্ক: যুদ্ধক্ষেত্র হিসেবে চিহ্নিত অঞ্চলগুলো থেকে ফিলিস্তিনিদের দক্ষিণ গাজায় জোরপূর্বক সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। তবে, বাস্তবে এ নির্দেশ মানতে অস্বীকৃতি জানাচ্ছেন বহু ফিলিস্তিনি। তাদের ভাষ্য, “আমাদের হারানোর মতো আর কিছুই নেই।”
প্রায় দুই বছর ধরে অব্যাহত সহিংসতায় দিশেহারা ফিলিস্তিনিরা বারবার স্থানান্তরিত হতে হতে হারিয়েছেন ঘরবাড়ি, সম্পদ, এমনকি প্রিয়জনদেরও। নিরাপত্তার নামে অঞ্চল থেকে অঞ্চলান্তরে ঠেলে দেওয়া হলেও শেষ পর্যন্ত কোথাও মিলছে না আশ্রয়। পুরো গাজা উপত্যকার ৮০ শতাংশ এলাকা ইতোমধ্যেই ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে, যেখানে সাধারণ ফিলিস্তিনিদের প্রবেশ নিষিদ্ধ।
অন্যদিকে, পশ্চিম গাজা এখন অতিরিক্ত ভিড়াক্রান্ত। হাজারো শরণার্থী সেখানে অস্থায়ী তাঁবুতে গাদাগাদি করে দিন কাটাচ্ছেন। ফলে দক্ষিণ গাজায় সরতে বলা হলেও বাস্তবে তাদের সামনে কোনো নিরাপদ বিকল্প নেই।
ফিলিস্তিনিদের একাংশ বলছেন, “থাকলেও মৃত্যু, সরে গেলেও মৃত্যু।” শেষ পর্যন্ত তাদের বেঁচে থাকার সংগ্রাম এখন কেবল এই বিশ্বাসে টিকে আছে—“হারানোর মতো আর কিছু নেই।”