ভেতরের খবর নিউজ ডেস্ক: রাশিয়া থেকে সস্তা তেল আমদানির কারণে যুক্তরাষ্ট্র ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, এভাবে ভারত রাশিয়াকে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করছে।
ভারতে রাশিয়ার অপরিশোধিত তেলের সবচেয়ে বড় আমদানিকারক হলো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এ প্রতিষ্ঠানের মালিক এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানি। সিআরইএর তথ্য অনুযায়ী, গুজরাটের জামনগর শোধনাগারে ২০২৫ সালের প্রথম সাত মাসে রাশিয়া থেকে এসেছে ১ কোটি ৮৩ লাখ টন তেল, যার বাজারমূল্য প্রায় ৮৭০ কোটি ডলার। ২০২১ সালে যেখানে এ শোধনাগারের রাশিয়া নির্ভরতা ছিল মাত্র ৩ শতাংশ, তা এখন বেড়ে গড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশে।
রিলায়েন্সের পর দ্বিতীয় বৃহৎ আমদানিকারক নায়ারা এনার্জি, যার মালিকানায় রাশিয়ার রাষ্ট্রীয় কোম্পানি রসনেফটও রয়েছে। তাদের শোধনাগারে গড়ে ৬৬ শতাংশ তেল এসেছে রাশিয়া থেকে।
বিশ্লেষকদের মতে, শুধু রিলায়েন্স নয়, সস্তা তেলের কারণে ভারতের বৈদেশিক ঘাটতি কমেছে এবং সরকারও বাণিজ্য সুবিধা পাচ্ছে। তবে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার তেল থেকে প্রক্রিয়াজাত কোনো পণ্য আমদানি বন্ধের সিদ্ধান্ত নিলে ভারতীয় রপ্তানিতে বড় ধাক্কা লাগতে পারে।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর


