ভেতরের খবর নিউজ ডেস্ক: বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম রাষ্ট্রফ হিসেবে পরিচিত সৌদি আরব। দেশটিতে ১৯৫২ সাল থেকে অ্যালকোহল পান, পরিবেশন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ এ বিধি ভঙ্গ করলে রয়েছে কঠোর আইনানুগ শাস্তির ব্যবস্থা। নিউ আরব, ডন ও ফ্রান্স–২৪ জানিয়েছে, কঠোর এ বিধিনিষেধ বজায় রেখেই এবার নতুন একটি উদ্যোগ নিয়েছে সৌদি প্রশাসন।
সম্প্রতি রাজধানী রিয়াদে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ‘এ-১২’ নামে এক ব্যতিক্রমী ক্যাফে, যেখানে বার-স্টাইল পরিবেশে বিয়ারসহ বিভিন্ন ধরনের পানীয় পরিবেশন করা হচ্ছে—তবে সবই সম্পূর্ণ নন-অ্যালকোহলিক। সৌদি ইতিহাসে এই প্রথম এমন কোনো প্রতিষ্ঠান খোলার অনুমতি দিল কর্তৃপক্ষ, যা দেখতে ও পরিবেশগত দিক থেকে বিদেশি বারের মতো হলেও অ্যালকোহলবিহীন পানীয়েই সীমাবদ্ধ।
ক্যাফেটিতে নারী-পুরুষ একসঙ্গে বসে পানীয় উপভোগ করতে পারছেন, যা দেশটির সামাজিক পরিবর্তন ও বিনোদন খাতে চলমান সংস্কারের আরেকটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে এখনও সৌদি আরব ও কুয়েতে অ্যালকোহল সম্পূর্ণ নিষিদ্ধ। তবে ২০২৬ সাল থেকে অমুসলিম বিদেশি কূটনীতিকদের জন্য সীমিত পরিসরে মদের দোকান চালুর পরিকল্পনা করেছে সৌদি সরকার। এর আগেই, ২০২৪ সালে অমুসলিম কূটনীতিকদের জন্য রিয়াদে একটি বিশেষ দোকানকে মদ বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল।