ভেতরের খবর নিউজ ডেস্ক: উত্তরসূরির বিরুদ্ধে অভ্যুত্থানের চক্রান্তে জড়িত থাকার দায়ে ব্রাজিলের সুপ্রিম কোর্ট সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড ভোগের নির্দেশ দিয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা ও আইনি লড়াইয়ের পর তাঁর এই দণ্ডকে বলসোনারোর বিতর্কিত রাজনৈতিক জীবনের নাটকীয় পরিণতি হিসেবে দেখা হচ্ছে।
সুপ্রিম কোর্ট মামলার সব কার্যক্রম শেষ করে দণ্ড চূড়ান্ত ঘোষণা করেছে। বিচারপতি আলেক্সান্দ্রে দে মোরায়েস তাঁকে ব্রাসিলিয়ার ফেডারেল পুলিশ সদর দপ্তরে সাজা শুরু করতে বলেছেন, যেখানে পৃথক একটি মামলায় তিনি কয়েকদিন ধরেই আটক ছিলেন।
২০২২ সালে নির্বাচনে লুলার কাছে পরাজয়ের পর অভ্যুত্থান পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। গত বছর তাঁকে ২৭ বছর ৩ মাসের দণ্ড দেওয়া হয়।
এদিকে তাঁর ছেলে এদয়ার্দো বলসোনারো অভিযোগকে ‘মনস্তাত্ত্বিক নির্যাতন’ বলে দাবি করেছেন। আরেক ছেলে কার্লোস জানিয়েছেন, কারাগারে গিয়ে দেখা হলে বলসোনারোকে মানসিকভাবে ভেঙে পড়া মনে হয়েছে।
তবে বলসোনারো আগামী বছর আবারও প্রেসিডেন্ট পদে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। অন্যদিকে সর্বশেষ জরিপে দেখা গেছে, বর্তমান প্রেসিডেন্ট লুলার জনপ্রিয়তা আরও বেড়েছে।
@ইয়াসমিন রিমা