ভেতরের খবর নিউজ ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন—রাশিয়া ইউরোপের সঙ্গে যুদ্ধে যেতে চায় না, তবে ইউরোপ যদি সরাসরি সংঘাত বেছে নেয়, মস্কোও লড়াইয়ের জন্য প্রস্তুত। মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। খবর রয়টার্স।
পুতিন অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া–ইউক্রেন যুদ্ধ থামাতে যে উদ্যোগ নিচ্ছেন, তাতে বাধা দিচ্ছে ইউরোপীয় দেশগুলো। তার ভাষায়, “ওরা মস্কোকে অগ্রহণযোগ্য প্রস্তাব দিচ্ছে, আবার বলছে রাশিয়া নাকি শান্তি চায় না।”
তিনি বলেন, ইউরোপ রাশিয়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে নিজেদেরই শান্তি আলোচনার বাইরে ঠেলে দিয়েছে। “ইউরোপ যুদ্ধের পক্ষে দাঁড়িয়েছে” এমন মন্তব্যও করেন রুশ প্রেসিডেন্ট।
সম্প্রতি কৃষ্ণ সাগরে রাশিয়ার দুটি ট্যাংকারে ইউক্রেন নৌ–ড্রোন হামলা চালিয়েছে। ঘটনাকে ‘জলদস্যুতা’ আখ্যা দিয়ে পুতিন বলেন, এর জবাবে ইউক্রেনীয় বন্দর ও জাহাজে রাশিয়ার হামলা আরও বাড়ানো হবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আয়ারল্যান্ডে সাংবাদিকদের বলেন, তিনি যুদ্ধবিরতি নিয়ে আবারও ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তবে “তা নির্ভর করবে মস্কো আলোচনায় কতটা আন্তরিক”—বলেন জেলেনস্কি।
এদিকে মার্কিন শান্তি দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার যুক্তরাষ্ট্রের নতুন শান্তি পরিকল্পনা নিয়ে ইতোমধ্যে মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠকে বসেছেন।