ভেতরের খবর নিউজ ডেস্ক: সুদানে চলমান গৃহযুদ্ধের মধ্যে দেশটির আবাসিক এলাকা, বাজার, স্কুল ও আশ্রয়শিবিরে চালানো বিমান হামলায় গত এক বছরে কমপক্ষে ১,৭০০ বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষণমূলক উদ্যোগ ‘সুদান উইটনেস প্রজেক্ট’–এর তদন্তে এ তথ্য উঠে এসেছে।
তাদের বিশ্লেষণে জানা যায়, ২০২৩ সালের এপ্রিলে সংঘাত শুরুর পর থেকে সুদানের বিমান বাহিনী (এসএএফ) জনবহুল এলাকায় নির্বিচারে বোমা ব্যবহার করেছে। প্রকল্পের পরিচালক মার্ক স্নোয়েক বলেন,
“আরএসএফ–এর বিরুদ্ধে বহু আইন লঙ্ঘনের অভিযোগ আছে, তা ঠিক। তবে এসএএফকেও তাদের কর্মকাণ্ডের জন্য দায় নিতে হবে।”
তদন্তে আরও দেখা গেছে, র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর কাছে যুদ্ধবিমান না থাকায় তারা মূলত ড্রোন হামলার ওপর নির্ভরশীল। অন্যদিকে, জনবহুল এলাকায় বড় ধরনের বিস্ফোরক ব্যবহার করা সম্ভব কেবল সরকারি বাহিনীর পক্ষেই।
এর আগে দারফুরে জাতিগত গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ে আরএসএফ। যুক্তরাষ্ট্রও বাহিনীটির বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলে।
বিমান হামলার বিষয়ে এসএএফ-এর অবস্থান জানতে বিবিসির অনুরোধে কোনো সাড়া মেলেনি।