ভেতরের খবর নিউজ ডেস্ক: ঝিনাইদহে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকার অভিযোগে ছেলে নাহিদ হাসান সবুজকে (২৪) অ্যাফিডেভিটের মাধ্যমে ত্যাজ্য ঘোষণা করেছেন তার বাবা আবু জাফর। গত ২ মার্চ ঝিনাইদহ জেলা নোটারি পাবলিক কার্যালয়ে তিনি এ সংক্রান্ত হলফনামা সম্পন্ন করেন। যদিও আইন অনুযায়ী সন্তানকে ত্যাজ্য করার কোনো বিধান নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
আবু জাফরের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার আড়ুয়াকান্দি গ্রামে। হলফনামায় তিনি উল্লেখ করেন, তাঁর ছেলে নাহিদ হাসান ঝিনাইদহের সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করার পরও নাহিদ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে দাবি করেন তিনি।
আবু জাফর বলেন, সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টানানোর ঘটনা জানতে পেরে তিনি ক্ষুব্ধ হন। পরে ছেলেকে বাড়ি থেকে বের করে দেন। ভবিষ্যতে নাহিদ কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়ালে তার দায়ভার তিনি নেবেন না বলেও হলফনামায় উল্লেখ করেন।
ঝিনাইদহ জেলা জজ আদালতের আইনজীবী মো. সাদাতুর রহমান হাদির মাধ্যমে অ্যাফিডেভিটটি করা হয়।
এ বিষয়ে নাহিদ হাসানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
ঝিনাইদহ জেলা জজকোর্টের আইনজীবী মো. শফিকুর রহমান বলেন, বাংলাদেশে সন্তানকে ত্যাজ্য করার কোনো আইনি ভিত্তি নেই। ব্যক্তিগত বা সামাজিক দায় এড়াতেই হয়তো এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
@ইয়াসমিন রিমা